বিজ্ঞাপন

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যারিস্টার জমির উদ্দিন দলের প্রতি ছিলেন শতভাগ নিবেদিতপ্রাণ

ব্যারিস্টার জমির উদ্দিন দলের প্রতি ছিলেন শতভাগ নিবেদিতপ্রাণ

সাবেক স্পিকার, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও শিক্ষামন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিনকে সততা, শিষ্টাচার ও পেশাগত সুনামের অনন্য উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দীর্ঘ কর্মজীবনে একজন আইনজীবী হিসেবে তার বিরুদ্ধে কোনো ব্যক্তি, ক্লায়েন্ট বা সহকর্মীর কাছ থেকে কখনো কোনো সমালোচনা শোনা যায়নি। দলের প্রতি তিনি ছিলেন শতভাগ নিবেদিতপ্রাণ।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে ব্যারিস্টার জমির উদ্দিনের শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ব্যারিস্টার জমির উদ্দিন ছিলেন আপাদমস্তক একজন ভদ্রলোক। তিনি আমাদের পিতৃতুল্য ছিলেন। তাকে কখনো থ্রি-পিস স্যুট ছাড়া দেখা যেত না। তার পোশাক-পরিচ্ছদই ছিল তার ব্যক্তিত্বের অংশ। এমনকি তার এলাকায় এক ভোটার একদিন তাকে পায়জামা-পাঞ্জাবি পরা অবস্থায় দেখে তাকে চিনতে না পেরে ব্যারিস্টার সাহেব কোথায় জানতে চেয়েছিলেন। এতটাই পরিচিত ছিল তার থ্রি-পিস স্যুটের পরিচয়।’

মন্ত্রী বলেন, ‘স্পিকার, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী কিংবা আইনজীবী, যে পরিচয়েই তাকে স্মরণ করা হোক না কেন, তার সবচেয়ে বড় পরিচয় ছিল একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ। আমার বয়সের সমান দীর্ঘ কর্মজীবনে তিনি যে সুনাম অর্জন করেছেন, তা বিরল। আইনজীবী হিসেবে তার বিরুদ্ধে কোনো দিন কোনো ব্যক্তি, কোনো ক্লায়েন্ট বা সহকর্মী কোনো অভিযোগ করেননি।’

তিনি বলেন, ‘আমি তাকে শিক্ষামন্ত্রী হিসেবে পেয়েছি আমার কর্মজীবনের শুরুতে, আবার সংসদে সিনিয়র সহকর্মী হিসেবেও পেয়েছি কর্মজীবনের শেষদিকে। তিনি আমাদের সংসদের স্ট্যান্ডিং কমিটির অন্যতম জ্যেষ্ঠ সদস্য ছিলেন। আজকের এই সংসদে তার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু বয়সের ভারে তিনি নিজে নির্বাচন না করে তার সন্তান ব্যারিস্টার নওশাদ জমিরকে মনোনয়ন দেওয়ার জন্য দলের কাছে অনুরোধ করেছিলেন। আমার বিশ্বাস, তিনি নির্বাচন করলে নিশ্চিতভাবেই জয়ী হতেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তিনি শারীরিকভাবে আমাদের মধ্যে না থাকলেও সংসদ ও দেশের রাজনৈতিক ইতিহাসে চিরদিন বেঁচে থাকবেন। প্রথা অনুযায়ী সংসদ ভবন প্রাঙ্গণে সাবেক স্পিকারদের যেখানে সমাহিত করা হয়, সেখানেই তাকে দাফন করা হচ্ছে। সেই অর্থে তিনি সংসদেই থেকে যাবেন।’

তিনি বলেন, ‘তিনি ছিলেন সংসদ সদস্য, আইনজীবী, আইন প্রণেতা, স্পিকার এবং সাবেক রাষ্ট্রপতি। এমন একজন সফল মানুষ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। বিশেষ করে সংসদ সদস্য হিসেবে তার দায়িত্বশীল ভূমিকা থেকে আমরা অনেক কিছু শিখেছি। ভবিষ্যতেও তার আদর্শ অনুসরণ করার চেষ্টা করব।’

এমএসআই/জেডএস

বিজ্ঞাপন