বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সাবেক স্পিকার, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রবীণ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার পেশাগত ও রাজনৈতিক জীবনে সফল এবং বর্ণাঢ্য ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি পেশাগত জীবন, রাজনীতি ও সংসদীয় কর্মকাণ্ডে সততা, মানবিকতা এবং দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন।
রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে ব্যারিস্টার জমির উদ্দিনের শোকপ্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং দেশের আইন অঙ্গনের একজন তারকা আইনজীবী ছিলেন।
বিরোধী দলীয় নেতা বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দলীয় নেতাকর্মীরা যখন নানা আইনি জটিলতায় পড়তেন, তখন বারবার ব্যারিস্টার জমির উদ্দিনের শরণাপন্ন হতে হতো। তিনি শুধু আইনি পরামর্শই দিতেন না, আদালতে দাঁড়িয়ে নির্যাতিত নেতাদের পক্ষে লড়াইও করতেন। তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পারিশ্রমিক দেওয়ার বহু চেষ্টা করা হলেও তিনি তা গ্রহণ করেননি। তিনি বলতেন, এটি তার নৈতিক দায়িত্ব এবং রাজনৈতিক সহযোদ্ধাদের জন্য কাজ করার সুযোগ।
তিনি বলেন, এই অবদান কখনো ভোলার নয়। তার সেই মানবিকতা স্মরণ করলে আজও চোখে পানি আসে। তার ঋণ পরিশোধ করার ক্ষমতা আমাদের নেই।
ডা. শফিকুর রহমান বলেন, স্পিকার হিসেবে তিনি সংসদকে প্রাণবন্ত করে তুলেছিলেন। আইন অঙ্গনে তিনি ছিলেন অনেকের শিক্ষক। তার ব্যক্তিত্ব, আচরণ ও কর্মপদ্ধতি অনুসরণীয়। তবে মানুষ হিসেবে ভুল-ত্রুটি থাকতেই পারে। মহান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন ব্যারিস্টার জমির উদ্দিনের সব ভুলত্রুটি ক্ষমা করে দেন, তার কবরকে জান্নাতের নূরে আলোকিত করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
তিনি আরও বলেন, ব্যারিস্টার জমির উদ্দিনের জীবন থেকে শিক্ষা নিয়ে সবাই যেন নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালনে উদ্বুদ্ধ হয়। মৃত্যুর পর মানুষের ভালোবাসা ও দোয়া অর্জনই একজন মানুষের প্রকৃত সফলতা।
এমএসআই/জেডএস
