জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের এক কৃতী সন্তানকে বিদায় দেওয়ার জন্য এখানে সমবেত হয়েছি। কিছুক্ষণ আগেই জাতীয় সংসদে আমরা তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেছি। জাতীয় সংসদের প্রতিটি সদস্য ছিলেন আবেগে বিহ্বল।
রোববার (১২ জুলাই) বাদ আসর জাতীয় সংসদের টানেলে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা নামাজে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
দ্বিতীয় জানাজা নামাজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংসদ ও সংসদের বাইরে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জমির উদ্দিন সরকারের স্মৃতিচারণ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জমির উদ্দিন সরকারের মতো অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, রাজনৈতিক অঙ্গনে মাথায় হ্যাট, হাতে ছাতা, চাল চলনে অভিজাত, অভিজ্ঞ একজন ভদ্র রাজনীতিককে আমরা হারিয়েছি। তিনি তার এলাকা পঞ্চগড় এবং অন্যান্য অঞ্চলেও সাধারণ মানুষের অনেক কল্যাণ সাধন করেছেন।
তিনি সর্বজনপ্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন। তার সম্পর্কে কখনো কারো কাছ থেকে কোনোদিন আমরা কোনো বিরূপ মন্তব্য পাইনি।
স্পিকার বলেন, এই সংসদকে তিনি স্পিকার হিসেবে দক্ষভাবে পরিচালনা করেছেন। আমি কয়েকটি সংসদে তার সহকর্মী ছিলাম। মুগ্ধ হয়ে তার সংসদ পরিচালনা দেখেছি। তিনি অত্যন্ত সাদা মনের মানুষ ছিলেন। শত্রু-মিত্র সবাইকে আপন করে নিতে পারতেন। সবাইকে ভালোবাসতেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন জমির উদ্দিন সরকার। তিনি জাতীয়তাবাদী পতাকাকে সমুন্নত রেখেছেন আজীবন। সবসময় একজন দেশপ্রেমিক রূপে তার দায়িত্ব যখন যে অবস্থানে ছিলেন সেখান থেকে তিনি পালন করেছেন। কামনা করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।
এএএম/জেডএস
