দেশে জাহাজ নির্মাণ, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ও জাহাজ ভাঙা শিল্পসংক্রান্ত বিদ্যমান আইন, বিধি, নীতিমালা ও সংশ্লিষ্ট বিষয়াদি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।
রোববার (১২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন প্রজ্ঞাপন জারি করা হয়।
৭ সদস্যবিশিষ্ট এই উচ্চপর্যায়ের কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। কমিটির অন্য সদস্যরা হলেন শিল্প মন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব এবং শিল্প সচিব।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এই কমিটিতে 'সচিব' বলতে সিনিয়র সচিবরাও অন্তর্ভুক্ত বলে গণ্য হবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটি দেশের জাহাজ নির্মাণ, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ও জাহাজ ভাঙা শিল্পসংক্রান্ত বিদ্যমান আইন, বিধি, নীতিমালা ও সংশ্লিষ্ট সকল বিষয়াদি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবে। একইসঙ্গে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে তারা।
প্রজ্ঞাপনে কমিটির কার্যপ্রণালি সম্পর্কে আরও বলা হয়েছে, এই কমিটি তাদের কাজের সুবিধার্থে ও প্রয়োজনে নতুন যে–কোনো সদস্যকে কমিটিতে কো-অপ্ট বা অন্তর্ভুক্ত করতে পারবে। শিল্প মন্ত্রণালয় এই কমিটিকে সার্বিক সাচিবিক সহায়তা করবে।
এসএইচআর/জেআই
