বিজ্ঞাপন

শুল্কায়ন সহজ করে দ্রুত পণ্য খালাস নিশ্চিতের আহ্বান চিটাগং চেম্বারের

শুল্কায়ন সহজ করে দ্রুত পণ্য খালাস নিশ্চিতের আহ্বান চিটাগং চেম্বারের

শুল্কায়ন প্রক্রিয়া সহজ করে দ্রুত পণ্য খালাস নিশ্চিত এবং ব্যবসা পরিচালনার ব্যয় কমাতে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের কাছে একটি জরুরি পত্র পাঠিয়েছেন চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

রোববার (১২ জুলাই) পাঠানো ওই চিঠিতে তিনি বলেন, সম্প্রতি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে ব্যবসায়ী নেতা, কাস্টমস ও বন্দর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় চার দিনের মধ্যে পণ্যের শুল্কায়ন সম্পন্ন করে বন্দর থেকে খালাসের নির্দেশনা দেন। একইসঙ্গে বন্দরের অচল স্ক্যানার সচল করা, জাহাজ ও পণ্যজট কমানোসহ বেশ কয়েকটি নির্দেশনাও দেন। কিন্তু এসব নির্দেশনার পরও কাস্টমসে অসহযোগিতা, সদিচ্ছার অভাব, প্রশাসনিক সমন্বয়হীনতা ও অকারণ দীর্ঘসূত্রতার কারণে পণ্য খালাসে এখনো কাঙ্ক্ষিত গতি আসেনি।

চিঠিতে দাবি করা হয়, একই পণ্য বিভিন্ন সংস্থার মাধ্যমে বারবার পরীক্ষা, কন্টেইনার স্ক্যানিংয়ের পরও পুনরায় কায়িক পরীক্ষা, স্থানীয়ভাবে পরীক্ষা সম্ভব হলেও ল্যাব টেস্টের নামে নমুনা ঢাকায় পাঠানো, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ই-কো জমা দেওয়ার পরও স্বাক্ষর যাচাইয়ের অজুহাতে শুল্কায়ন বিলম্বিত করা এবং অপ্রয়োজনীয়ভাবে বিএসটিআই পরীক্ষার জন্য পণ্য পাঠানোর মতো নানা কারণে অনেক ক্ষেত্রে পণ্য খালাসে সাত থেকে আট দিন বা তারও বেশি সময় লেগে যাচ্ছে।

এতে আমদানিকারকদের অতিরিক্ত বন্দর ও কাস্টমস চার্জ, ডেমারেজ, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যয় এবং সময়ের মাশুল গুনতে হচ্ছে বলে উল্লেখ করা হয়। একই পণ্যের বারবার কায়িক পরীক্ষার কারণে প্রতিকূল আবহাওয়ায় আনস্টাফিং করতে গিয়ে পণ্যের ক্ষয়ক্ষতিও হচ্ছে, যা অনেক ক্ষেত্রে বাজারজাতের অনুপযোগী হয়ে পড়ছে।

চিঠিতে আরও বলা হয়, বিদ্যমান বিধি অনুসরণ না করে অনেক ক্ষেত্রে অতিরিক্ত লোডিং দিয়ে শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করা হচ্ছে। এতে পণ্য খালাস প্রক্রিয়া আরও জটিল ও সময়সাপেক্ষ হয়ে উঠছে। যদিও কাস্টমস আইন, ২০২৩-এ পেপারলেস কাস্টমস, প্রি-অ্যারাইভাল প্রসেসিং ও রিস্ক-বেইজড এক্সামিনেশনের মতো আধুনিক ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে, বাস্তবে ব্যবসায়ীরা এর সুফল পাচ্ছেন না।

এসব সমস্যা নিরসনে আন্তর্জাতিক মান অনুসরণ করে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত, শুল্কায়ন প্রক্রিয়া সহজীকরণ, দ্রুত পণ্য খালাস এবং ব্যবসা পরিচালনার ব্যয় কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়েছেন চিটাগাং চেম্বারের সভাপতি।

এমআর/জেআই