বিজ্ঞাপন

দুই বছরে চট্টগ্রাম বন্দরে রেকর্ড নিয়োগ-পদোন্নতি

দুই বছরে চট্টগ্রাম বন্দরে রেকর্ড নিয়োগ-পদোন্নতি

জুলাই আন্দোলন পরবর্তী সময়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 

সংস্থাটির তথ্যমতে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত দুই বছরে ২০৮ জনকে সরাসরি নিয়োগ এবং ১ হাজার ৪৬৪ জন কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

বন্দর কতৃপক্ষ জানায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর বন্দরের কার্যক্রমে গতিশীলতা আনা, কর্মকর্তা-কর্মচারীদের মনোবল বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মেধাভিত্তিক মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত সাড়ে তিন বছরে সরাসরি নিয়োগ পেয়েছিলেন ১৪৪ জন এবং পদোন্নতি পেয়েছিলেন ৭৯৯ জন কর্মকর্তা-কর্মচারী। 

অন্যদিকে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত মাত্র দুই বছরেই ২০৮ জনকে সরাসরি নিয়োগ এবং ১ হাজার ৪৬৪ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত মোট সরাসরি নিয়োগের প্রায় ৫৯ শতাংশ এবং মোট পদোন্নতির প্রায় ৬৫ শতাংশই সম্পন্ন হয়েছে জুলাই আন্দোলন-পরবর্তী দুই বছরে।

বন্দর কতৃপক্ষ জানায়, দক্ষ ও যোগ্য জনবল একটি আধুনিক বন্দরের প্রধান শক্তি। স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ এবং যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের কর্মোদ্যম বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং বন্দরের কার্যক্রমে আরও গতিশীলতা এসেছে।

ভবিষ্যতেও সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধাভিত্তিক মানবসম্পদ ব্যবস্থাপনার ধারা অব্যাহত রাখার কথা জানিয়েছে সংস্থাটি।

এমআর/এমএসএ