নিজেদের জ্বালানি খাতের ‘সবচেয়ে অবহেলিত ও নিগৃহীত’ অংশ হিসেবে উল্লেখ করে দীর্ঘদিনের নানা সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি।
রোববার (১২ জুলাই) এক বার্তায় সংগঠনটি জানায়, পেট্রোল পাম্প মালিকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার মুখোমুখি হলেও সেগুলোর কার্যকর সমাধান হচ্ছে না। বিষয়গুলো নিয়ে অনেকের কাছে ধরনা দিলেও সিদ্ধান্তমূলক কোনো পদক্ষেপ পাওয়া যায়নি। সমস্যাগুলো এমন পর্যায়ে পৌঁছেছে যে ঢাকা ও চট্টগ্রামের কয়েকটি পাম্প ছাড়া দেশের অধিকাংশ পেট্রোল পাম্প টিকে থাকার লড়াই করছে। ব্যবসা পরিচালনায় নানা সংকটের কারণে অনেক মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
পাম্প মালিকদের সংগঠনটি বলছে, তারা অনিয়ম বা গ্রাহক ঠকিয়ে ব্যবসা করতে চান না। বরং সৎভাবে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও সমস্যার স্থায়ী সমাধান চান।
জ্বালানি উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বার্তায় বলা হয়, পেট্রোল পাম্প মালিকদের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকের সুযোগ দেওয়া হলে তারা বিস্তারিতভাবে সমস্যাগুলো তুলে ধরতে পারবেন। একই সঙ্গে দীর্ঘদিনের সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধও জানানো হয়।
ওএফএ/আরএফ/এসএম
