টানা বৃষ্টির কারণে হাতিরঝিলে পানি বেড়ে গেছে। ফলে গুলশান থেকে হাতিঝিলের ওয়াটার ট্যাক্সি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) গুলশানের গুদারাঘাট ওয়াটার ট্যাক্সি ঘাটে গিয়ে দেখা গেছে, কাউন্টারটি পুরোপুরি বন্ধ রয়েছে। ঘাটে কোনো ওয়াটার ট্যাক্সি নেই। কাউন্টারের সামনে একটি নোটিশ টানানো আছে, সেখানে উল্লেখ করা হয়েছে -পানি বেড়ে যাওয়ার কারণে গুলশান কাউন্টার থেকে ওয়াটার ট্যাক্সি চলাচল বন্ধ রাখা হয়েছে।
জানা গেছে, রোববারের (১২ জুলাই) বিরতিহীন বৃষ্টিতে হাতিরঝিলে পানি বেড়ে গেছে। যে কারণে গুলশানের দিক থেকে পুলিশ প্লাজার আগের ব্রিজটির নিচ দিয়ে আর ওয়াটার ট্যাক্সি চলাচলের অবস্থা নেই। ব্রিজটি ছুঁই ছুঁই হয়েছে পানি। যে কারণে গুলশান গুদারাঘাট কাউন্টার থেকে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি আর চলাচল করতে পারছে না। তবে পুলিশপ্লাজা, রামপুরা, এফডিসি ঘাট থেকে ওয়াটার ট্যাক্সিগুলো চলাচল করছে স্বাভাবিকভাবে।
এর কারণ হিসেবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, পুলিশ প্লাজা সংলগ্ন ব্রিজটির উচ্চতা অন্যান্য ব্রিজের তুলনায় কম। তাই হাতিরঝিলে পানি বৃদ্ধির ফলে এই ব্রিজের নিচ দিয়ে ওয়াটার ট্যাক্সি আর চলাচল করতে পারছে না।
গুলশান ঘাটের কাউন্টার কর্মী ফরিদুল ইসলাম বলেন, গতকালের বৃষ্টির পর হাতিরঝিলে পানি বেড়ে গেছে। সে কারণে পুলিশ প্লাজা সংলগ্ন ব্রিজে তুলনামূলক নিচু হওয়ায় এখন ওয়াটার ট্যাক্সি যাতায়াত করতে পারছে না। শুধুমাত্র গুলশান ঘাট থেকেই ওয়াটার ট্যাক্সি চলাচল বন্ধ করা হয়েছে। কাউন্টারও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে গুলাশান ব্যতিত সব কাউন্টার থেকে ওয়াটার ট্যাক্সি চলাচল করছে।
এএসএস/জেডএস
