রাজধানীর খিলক্ষেত থানাধীন মস্তুল চেকপোস্টে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, মো. কামাল মিয়া (২৯), স্বপ্না (২২) ও খায়রুল ইসলাম (২২)।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন জানান, রোববার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে খিলক্ষেত থানার এসআই শেখ ইফতেখার মাহমুদ ফোর্সসহ মস্তুল চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় ঢাকা অভিমুখী একটি কালো রঙের টয়োটা মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হলে, সেটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
তখন পুলিশ সদস্যরা ধাওয়া করে গাড়িটি আটক করেন। পরে গাড়ির চালকসহ ভেতরে থাকা একজন নারী ও একজন পুরুষকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা প্রথমে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। একপর্যায়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে তারা নিজেদের কাছে মাদক থাকার বিষয়টি স্বীকার করেন। এরপর তল্লাশি চালিয়ে কামাল মিয়ার কাছ থেকে ৪ কেজি, স্বপ্নার কাছ থেকে ৪ কেজি এবং খায়রুল ইসলামের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে আসামিদের কাছ থেকে মোট ১০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
ওসি আরও জানান, উদ্ধারকৃত গাঁজার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এসএএ/এমএসএ
