বিজ্ঞাপন

সাড়ে ৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, অভিযুক্তের বিরুদ্ধে অর্থপাচার মামলা

সাড়ে ৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, অভিযুক্তের বিরুদ্ধে অর্থপাচার মামলা

আয়ের সুনির্দিষ্ট উৎস নেই। কিন্তু ব্যাংক হিসাবে ৯ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন! অনুসন্ধানের পর গাইবান্ধার পলাশবাড়ীর বাসিন্দা শ্রী হরিদাস চন্দ্র তরনীদাস ওরফে তৌহিদ ইসলামের বিরুদ্ধে ৯ কোটি ৩৫ লাখ টাকার সন্দেহজনক লেনদেন ও অর্থপাচারের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১৩ জুলাই) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের প্রাথমিক অনুসন্ধানে হরিদাস চন্দ্র তরনীদাসের বৈধ কোনো আয়ের উৎস না থাকলেও তার বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবে ৯ কোটি ৩৫ লাখ টাকা জমা এবং প্রায় একই পরিমাণ অর্থ উত্তোলনের তথ্য পাওয়া গেছে। এসব লেনদেন তার পেশা ও পরিচিত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

জসীম উদ্দিন খান জানান, হরিদাস ২০১৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে তৌহিদ ইসলাম নাম ধারণ করেন। এরপর বিভিন্ন সময়ে তিনি নিজেকে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা পরিচয় দিতেন। বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের সম্পাদিত (এডিট করা) ছবি এবং প্রভাবশালী ব্যক্তিদের নামে সংরক্ষিত ভূয়া ফোনকল প্রদর্শন করতেন বলেও অনুসন্ধানে উঠে এসেছে।

তিনি আরও জানান, অভিযুক্তের বিরুদ্ধে সরকারি চাকরি, বদলি, হুন্ডি ও সংঘবদ্ধ অপরাধসংক্রান্ত অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করা হয়। এছাড়া বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণাসহ বিভিন্ন ধারায় দায়ের করা একটি মামলার তথ্যও অনুসন্ধানে পাওয়া গেছে।

জসীম উদ্দিন খান বলেন, প্রাথমিক অনুসন্ধানে দেশি-বিদেশি মুদ্রা পাচার ও সংঘবদ্ধ অপরাধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় উত্তরা পশ্চিম থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫)-এর ৪(২) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তার বিভিন্ন ব্যাংক হিসাব ও এমএফএস অ্যাকাউন্টের সন্দেহজনক লেনদেনের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

জেইউ/জেডএস

বিজ্ঞাপন