চট্টগ্রামের ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল আলম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) উপজেলার নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ফরহাদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল আলম নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর ইউনিয়নের আছিয়া চা-বাগান এলাকার বাসিন্দা মানু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কাঠুরে ছিলেন।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকালে জামাল আলম পূর্ব ফরহাদাবাদ এলাকায় একটি গাছ কাটতে যান। গাছ কাটার একপর্যায়ে অসাবধানবশত একটি ডাল পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. কামরুল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই জামাল আলমের মৃত্যু হয়েছে। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জেডএস
