চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকার আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
সোমবার (১৩ জুলাই) দুপুরে র্যাব-৭ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলেন, মামলার প্রধান আসামি মো. শামীম (৩৫), সাজ্জাদ আলম শুভ (৩২), মারুফ (২৭) ও তদন্তে অভিযুক্ত সুমন (৩০)।
র্যাব জানায়, গত ২৩ জুন সকালে পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়তলীর দক্ষিণ কাট্টলী এলাকার আব্দুল সুফী চৌধুরী গ্যারেজ সংলগ্ন তিন রাস্তার মোড়ে রিফাতকে ডেকে নিয়ে সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়। এ সময় প্রধান আসামি শামীম ধারালো ছুরি দিয়ে রিফাতের বাম পায়ের হাঁটুর ওপর আঘাত করেন। এতে গুরুতর আহত রিফাতকে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পাহাড়তলী থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২ থেকে ৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ জুলাই) দুপুরে সীতাকুণ্ডের জলিল টেক্সটাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে শামীম ও সাজ্জাদ আলম শুভকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকা থেকে মারুফ এবং হালিশহরের মাইজপাড়া এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
আরএমএন/জেআই
