বিজ্ঞাপন

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেপ্তার প্রায় ৩৩ হাজার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেপ্তার প্রায় ৩৩ হাজার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

চলমান বিশেষ অভিযানে গত আড়াই মাসে দেশের বিভিন্ন স্থান থেকে ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। একই সময়ে অন্যান্য মামলা ও অভিযানে আরও ৮৩ হাজার ৮১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে পুলিশ ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩ রাউন্ড গুলি ও কার্তুজ, ৮৮টি ম্যাগাজিন, ৪৩টি ককটেল, ২ কেজি গান পাউডার, ৫০৩টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করেছে।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৭৬টি পিস্তল, ৩০টি শুটারগান, ৩৩টি এলজি, ১৮টি রিভলবার, ৫০টি বন্দুক, ১৫টি পাইপগান, ৪টি শটগান, ২টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান এবং একটি পেনগান।

এছাড়া, একই সময়ে ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬ পিস ইয়াবা, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৫ বোতল বিদেশি মদ, ৩৫৪ বোতল দেশি মদ, ৫ হাজার ৩৩৬ পুরিয়া গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

মাদক উদ্ধারের ঘটনায় ১৪ হাজার ১৫৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ২০ হাজার ৪৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এমএসি/জেআই