দেশের চলমান বন্যা পরিস্থিতিতে গ্রাহকসেবা নিরবচ্ছিন্ন রাখতে এবং বিদ্যুৎ বিভাগের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় জোরদার করতে কন্ট্রোল রুম সক্রিয় করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)। একই সঙ্গে বিদ্যুৎ পরিস্থিতির সার্বিক পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম তদারকির জন্য ফোকাল পয়েন্ট কর্মকর্তাও মনোনয়ন দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিদ্যুৎ বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পৃথক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়।
বিউবোর আদেশে বলা হয়েছে, বর্তমান বন্যা পরিস্থিতিতে গ্রাহকসেবা নিশ্চিত করা, বিদ্যুৎ বিভাগের কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা এবং মাঠপর্যায়ে কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে কেন্দ্রীয় মনিটরিং ও চট্টগ্রাম বিতরণ অঞ্চলের জন্য ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় মনিটরিংয়ের দায়িত্ব পেয়েছেন বিউবোর বাণিজ্যিক পরিচালন বিভাগের উপমহাব্যবস্থাপক মো. রুকন উদ্দীন। এ ছাড়া, চট্টগ্রাম বিতরণ অঞ্চলের দায়িত্বে রয়েছেন পাওয়ার সার্কেলের (চট্টগ্রাম পূর্ব) তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জসীম উদ্দীন।
অন্যদিকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) জানিয়েছে, বন্যা পরিস্থিতিতে গ্রাহকসেবা কার্যক্রম সচল রাখতে বিদ্যুৎ বিভাগের কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের জন্য সিস্টেম অপারেশন পরিদপ্তরের পরিচালক (কারিগরি) পরিতোষ সূত্রধরকে ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
বাপবিবোর আদেশে আরও বলা হয়, বিদ্যুতের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সংস্থাটির নিজস্ব কন্ট্রোল রুম আগে থেকেই চালু রয়েছে। বন্যা পরিস্থিতিতে এই কন্ট্রোল রুম বিদ্যুৎ বিভাগের কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় ও যোগাযোগ অব্যাহত রাখবে।
বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ, গ্রাহকসেবা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয়ভাবে তথ্য সংগ্রহ ও সমন্বয়ের লক্ষ্যে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে এবং সেবা পুনর্বহাল কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
ওএফএ/এসএএস
