ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইউনিটকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সভায় জানানো হয়, জুন মাসে ডিএমপির অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বিভাগের স্বীকৃতি অর্জন করেছে মিরপুর বিভাগ।
অন্যদিকে শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেয়েছে পল্লবী থানা। দ্বিতীয় স্থান অর্জন করেছে তুরাগ থানা এবং তৃতীয় হয়েছে শাহজাহানপুর থানা।
সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শামীম হোসেন প্রথম এবং মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন দ্বিতীয় স্থান অর্জন করেন।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আদাবর থানার এসআই তরুণ কুমার শ্রেষ্ঠ এসআই হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন। দ্বিতীয় হয়েছেন পল্লবী থানার এসআই মো. সাইফুল ইসলাম।
এএসআইদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন যাত্রাবাড়ী থানার এএসআই মো. আখতারুজ্জামান মণ্ডল পলাশ এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন মিরপুর থানার এএসআই মো. আনারুল ইসলাম।

গোয়েন্দা বিভাগের মধ্যে ডিবি-লালবাগ বিভাগ শ্রেষ্ঠ ইউনিট হিসেবে নির্বাচিত হয়েছে। এ ছাড়া, ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম শ্রেষ্ঠ টিম লিডারের স্বীকৃতি পেয়েছেন।
ট্রাফিক বিভাগের মধ্যে ট্রাফিক-মিরপুর বিভাগ শ্রেষ্ঠ বিভাগের স্বীকৃতি অর্জন করেছে।
শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হিসেবে প্রথম হয়েছেন দারুস সালাম ট্রাফিক জোনের সার্জেন্ট মো. দেলোয়ার হোসেন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন গুলশান ট্রাফিক জোনের সার্জেন্ট মো. আশরাফুল ইসলাম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হচ্ছে। এতে কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হবে এবং জনসেবার মান আরও বৃদ্ধি পাবে।
অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএএ/এসএএস
