বিজ্ঞাপন

মালদ্বীপে কারাগার পরিদর্শন ক‌রে আটক বাংলাদেশিদের খোঁজ নি‌লেন হাইক‌মিশনার

মালদ্বীপে কারাগার পরিদর্শন ক‌রে আটক বাংলাদেশিদের খোঁজ নি‌লেন হাইক‌মিশনার

হাইকমিশনার মো. নাজমুল ইসলামের নেতৃত্বে মালদ্বীপের মাফুশি কারাগার পরিদর্শন করে আটক বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সার্বিক অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়ে খোঁজখবর নেন বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল। 

সোমবার (১৩ জুলাই) মালের বাংলা‌দে‌শ হাইক‌মিশন এক বার্তায় এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।

হাইক‌মিশন জানায়, মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ, অধিকার ও মানবিক সহায়তা নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল মাফুশি কারাগার পরিদর্শন করে আটক বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়ে খোঁজখবর নেন। 

পরিদর্শনকালে বন্দিদের চিকিৎসাসেবা, আবাসন, খাদ্য, স্বাস্থ্যবিধি ও অন্যান্য কল্যাণমূলক বিষয় পর্যালোচনা করা হয় এবং কারা কর্তৃপক্ষের সঙ্গে তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। 

একই সঙ্গে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি স্থানান্তর চুক্তি দ্রুত চূড়ান্ত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়, যা বাস্তবায়িত হলে মানবিক বিবেচনায় বন্দিদের নিজ দেশে স্থানান্তর ও পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করবে। 

বাংলাদেশ হাইকমিশন পুনর্ব্যক্ত করেছে যে, মালদ্বীপে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিকের কল্যাণ, মর্যাদা ও আইনগত সুরক্ষা নিশ্চিত করতে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

এনআই/জেআই

বিজ্ঞাপন