বিজ্ঞাপন

আফতাবনগরের এম ব্লকে থানা নির্মাণ নিয়ে আলোচনা হয়েছে : সোসাইটি সভাপতি

আফতাবনগরের এম ব্লকে থানা নির্মাণ নিয়ে আলোচনা হয়েছে : সোসাইটি সভাপতি

জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী বলেছেন, আফতাবনগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত আফতাবনগরের থানার বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে আমরা অগ্রগতি দেখতে পাবো বলে আশা কারছি। বিষয়টি নিয়ে আফতাবনগরবাসী, জহুরুল ইসলাম সিটি সোসাইটির সবাই ‍খুব আনন্দিত।

সোমবার (১৩ জুলাই) তিনি এ তথ্য জানিয়ে বলেন, জহুরুল ইসলাম সিটি সোসাইটির নির্বাচনের পর সভাপতি মো. আলমগীর হোসেন ঢালী এবং সাধারণ সম্পাদক এস. এম. কামালের নেতৃত্বে পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ, ফলপ্রসূ আলোচনা করে আসছি। নিরলস প্রচেষ্টার ইতিবাচক ফলস্বরূপ, আফতাবনগরের এম ব্লকে ইস্টার্ন হাউজিং লিমিটেড কর্তৃক থানা নির্মাণের জন্য বরাদ্দকৃত এক বিঘা জমি বরাদ্দ রাখা হয়েছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে থানার অগ্রগতি হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, এই থানা নির্মিত হলে আফতাবনগর ও পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা প্রদানের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশা করা যায়। জহুরুল ইসলাম সিটি সোসাইটি মনে করে, এটি শুধু একটি অবকাঠামো নির্মাণ প্রকল্প নয়, বরং সমগ্র আফতাবনগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়নের পথে একটি যুগান্তকারী পদক্ষেপ। এ উদ্যোগ ভবিষ্যতে এলাকার নিরাপত্তা, পরিকল্পিত নগরায়ণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী বলেন, এ উপলক্ষ্যে জহুরুল ইসলাম সিটি সোসাইটির পক্ষ থেকে বাংলাদেশ পুলিশ, পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সব সরকারি কর্মকর্তা, ইস্টার্ন হাউজিং লিমিটেড এবং এ উদ্যোগ বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারী সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সোসাইটি আশা করে, সবার সম্মিলিত সহযোগিতায় নির্ধারিত সময়ে নির্মাণকাজ শুরু হবে এবং দ্রুততম সময়ে থানা কার্যক্রম চালু করে আফতাবনগরবাসীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি নির্বাচনে তিনি এখানে থানা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি এটি নিয়ে সংশ্লিষ্টেদের সঙ্গে কমিটির আলোচনা হয়েছে বলে জানান তিনি।

মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী জহুরুল ইসলাম সিটি সোসাইটির শুধু সভাপতি সনন, তার রয়েছে আরও অনেক উল্লেখযোগ্য পরিচয়। তিনি কাজ করছেন আফতাবনগরবাসীর উন্নয়নের জন্য, বসবাসও সেখানেই। তিনি ইউএস বাংলা গ্রুপের পরিচালক, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজ, নির্ভানা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয় এবং আফতাবনগরের নবেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি।

এএসএস/এমএন

বিজ্ঞাপন