ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালামের সঙ্গে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নগর ভবনে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা মহানগরের দখল করা খাল ও খেলার মাঠ উদ্ধার, জলাবদ্ধতা, ড্রেনেজ ও পয়োনিষ্কাশন ব্যবস্থা, বাসা বাড়ির ময়লার অতিরিক্ত বিল সংক্রান্ত আলোচনা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ রক্ষা, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ফুটপাত দখল মুক্ত করা, ডেঙ্গু ও মশক নিধন কর্মসূচি, মাদক বিরোধী কর্মসূচিসহ নানাবিধ সমস্যা সমাধানের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে এমপিদের বিস্তারিত আলোচনা হয়।
এসব সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান জানান এমপিরা। আঞ্চলিক কার্যালয় সমূহের মাধ্যমে উন্নয়ন কর্মসূচিগুলোর যথাযথ তত্ত্বাবধান, জবাবদিহি নিশ্চিত করা ও বাস্তবায়নের ওপরও তারা গুরুত্বারোপ করেন।
সংসদ সদস্যের উপস্থিতিকে স্বাগত জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম যথাযথভাবে উল্লিখিত বিদ্যমান সব সমস্যা সমাধান ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও যাত্রাবাড়ী থানা আমির মো. শাজাহান খান, ডেমরা মধ্য থানা আমির মোহাম্মদ আলী, ডেমরা পূর্ব থানা আমির ইঞ্জিনিয়ার তমিজ উদ্দিন সোহরাওয়ার্দী, মহানগরীর মজলিসে শুরা সদস্য শাহাদাত হোসেন হেলাল, মহানগরীর মজলিসে শুরা সদস্য ও শ্রমিক নেতা মো. নজরুল ইসলাম, কদমতলী থানা আমির মাওলানা জুনাইদ আহমেদ, যাত্রাবাড়ী শ্যামপুর থানা আমির মুহাম্মদ যাকীর হুসাইন, যাত্রাবাড়ী পূর্ব থানা নায়েবে আমির ইঞ্জিনিয়ার আতিকুর রহমান চৌধুরী, শামসুল হুদা পলাশ, মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এমএসআই/আরএফ/এসএম
