চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কৃষিকাজ করতে গিয়ে অসুস্থ হয়ে মো. ইয়াসিন (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করেছিলেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার বেতাগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাত্তামার ঘোনা জানে বাপের বাড়ি নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. জলিলের ছেলে। তিনি বর্ষা মৌসুমে কৃষিকাজের জন্য ভগ্নিপতির সঙ্গে রাঙ্গুনিয়ায় এসেছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ জানান, সোমবার (১৩ জুলাই) রোয়াজারহাট বাজার থেকে চুক্তিভিত্তিক দুই কৃষিশ্রমিককে কাজের জন্য আনা হয়। মঙ্গলবার সকালে তারা ধানক্ষেতের আইল তৈরির কাজ করছিলেন। কাজের একপর্যায়ে ইয়াসিন হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় সূত্র জানায়, ইয়াসিন স্থানীয় ইউছুফ ড্রাইভারের বাড়িতে কৃষিশ্রমিক হিসেবে কাজ করছিলেন। পরে স্থানীয়রা তাকে দ্রুত রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
আরএমএন/এসএএস
