১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছেন প্রাইমমুভার ট্রেইলার ও ফ্ল্যাটবেড পরিবহন মালিকেরা। একই সঙ্গে দাবি আদায়ে আগামী ২১ ও ২২ জুলাই ৪৮ ঘণ্টার লগআউট (বন্ধ) কর্মসূচির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (১৪ জুলাই) নগরের সল্টগোলা ক্রসিংয়ে বন্দর সিসিটি-২ নম্বর গেটসংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু সালেহ জুয়েল। সঞ্চালনা করেন অর্থ সম্পাদক মোহাম্মদ খুরশেদ আলম।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাইম মুভার ট্রেইলার, ফ্ল্যাটবেড, লো-বেড, সেমি লো-বেড, ক্রেন ও অন্যান্য ভারী যন্ত্রপাতি পরিবহনের ওপর অগ্রিম আয়কর (এআইটি) ৩৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত পরিবহন খাতের জন্য বড় ধরনের চাপ সৃষ্টি করবে। তারা জানান, ২০২৪ সাল থেকে এ বিষয়ে দাবি জানিয়ে আসছেন। সে সময় অগ্রিম আয়করের পরিমাণ ছিল ১৯ হাজার টাকা।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, প্রাইম মুভার ট্রেইলার খাত দীর্ঘদিন ধরে অযৌক্তিক কর, পুলিশি হয়রানি এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার শিকার। এর মধ্যে অগ্রিম আয়কর ৫০ হাজার টাকা নির্ধারণ মালিকদের জন্য অসহনীয় হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে একাধিকবার আবেদন করেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে আন্দোলন আরও কঠোর কর্মসূচিতে গড়াবে।
মানববন্ধন থেকে ১১ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে– ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ বিভিন্ন কর ও ফি একীভূত করে একটি ডকুমেন্টের আওতায় আনা, ভাড়ায় পরিচালিত যানবাহনের অগ্রিম আয়কর ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ১০ হাজার টাকা নির্ধারণ, সারা দেশে একই নীতিমালায় লোড স্কেল পরিচালনা, লোড কন্ট্রোলের নামে চাঁদাবাজি বন্ধ, মহাসড়কে পণ্যবাহী যানবাহন ও চালক-সহকারীদের নিরাপত্তা নিশ্চিত করা, শ্রম আইনের সাংঘর্ষিক ধারা সংশোধন, বিআরটিএর মাধ্যমে পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি সহজ করা এবং প্রাইম মুভার ট্রেইলার ও ফ্ল্যাটবেড গাড়ির ওজন ও মাইলেজের ভিত্তিতে সরকারিভাবে ভাড়া নির্ধারণের নীতিমালা প্রণয়ন।
সভাপতির বক্তব্যে আবু সালেহ জুয়েল বলেন, ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকার কার্যকর উদ্যোগ না নিলে আগামী ২১ ও ২২ জুলাই চট্টগ্রামে প্রাইম মুভার, ফ্ল্যাটবেড, লো-বেড, সেমি লো-বেড, ক্রেন ও অন্যান্য ভারী যন্ত্রপাতি পরিবহন ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে। তবে সরকার আলোচনায় বসে যৌক্তিক দাবি মেনে নিলে কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে।
মানববন্ধনে সংগঠনের কার্যনির্বাহী সভাপতি মোহাম্মদ আনোয়ার, সহসভাপতি মোরশেদ হোসেন নিজামী, সহসম্পাদক মোহাম্মদ ইসমাইল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান রাজু, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাসান মুরাদ বাদশা, বন্দরবিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউনুস আজাদ, আইনবিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ মুকুল এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন, মোহাম্মদ জামাল, মোহাম্মদ সেলিম, আবু আহমেদ আলাউদ্দীন শিবলুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এমআর/বিআরইউ
