চট্টগ্রাম নগরের মুরাদপুর ফ্লাইওভারের মুখে সড়কের গর্তে ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও প্রধান নির্বাহী প্রকৌশলীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে গাড়ি মেরামতের জন্য ব্যয় হওয়া ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মীর হাসান বাবলুর মাধ্যমে চসিক মেয়র এবং সড়ক বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলীর কাছে এ নোটিশ পাঠানো হয়। নোটিশটি খালেদ মাহমুদ রায়হানের পক্ষে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, নোটিশদাতা খালেদ মাহমুদ রায়হান পেশায় একজন আইনজীবী এবং তিনি নগরের মুরাদপুর সংলগ্ন মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হলেও মুরাদপুর ফ্লাইওভারের মুখে দীর্ঘদিন ধরে সড়কের কার্পেটিং নষ্ট হয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত যান চলাচলে বিঘ্ন ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
নোটিশে আরও উল্লেখ করা হয়, মঙ্গলবার (১৪ জুলাই) নোটিশদাতা তার হোন্ডা ভেজেল গাড়ি নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার গর্তে চাকা পড়ে গাড়ির চাকা, মাডগার্ড, এক্সেল, বাম্পার, সাসপেনশন, স্টিয়ারিং র্যাক বক্স, হ্যাঙ্গার এবং রংসহ বিভিন্ন অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এসব মেরামতে প্রায় ৯১ হাজার টাকা ব্যয় হয়েছে। পাশাপাশি তার নিয়মিত অফিসে যাতায়াতও ব্যাহত হয়েছে।
নোটিশে সাত দিনের মধ্যে ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ পরিশোধের দাবি জানানো হয়েছে। অন্যথায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।
আরএমএন/বিআরইউ
