বিজ্ঞাপন

ইস্কাটনে এসির কাজ করার সময় চার তলা থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

ইস্কাটনে এসির কাজ করার সময় চার তলা থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

রাজধানীর রমনার ইস্কাটন রোডের বাসায় এসির কাজ করার সময় চার তলা ভবন থেকে পড়ে মো. ইয়ামিন (২০) নামের এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত ইয়ামিনের বাড়ি ভোলার লালমোহন উপজেলার দক্ষিণ ফরাসগঞ্জ এলাকায়। তার বাবার নাম মৃত কাসেম হাওলাদার।
বর্তমানে তিনি রমনা এলাকায় বসবাস করতেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী কামাল জানান, আজ সকালের দিকে আমরা দুজনে ইস্কাটন রোডের একটি বাসার চতুর্থ তলায় এসি মেরামতের কাজ করছিলাম। এ সময় অসাবধানতাবশত চারতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন ইয়ামিন। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইয়ামিন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এসএএস

বিজ্ঞাপন