বিজ্ঞাপন

স্বামীর বাসায় ঝুলছিল মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

স্বামীর বাসায় ঝুলছিল মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে নিজ বাসা থেকে আসিয়া আক্তার মিম (২৬) নামে এক মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল আনুমানিক ৫টার দিকে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আসিয়া আক্তার মিম দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার বাসিন্দা। তিনি সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম মৃত মনিরুজ্জামান।

নিহতের স্বামী ইমামুল ইসলাম জানান, প্রায় এক মাস আগে তাদের বিয়ে হয়। তিনি পেশায় একটি রিকশা গ্যারেজের মালিক। ঘটনার সময় তিনি নতুন বাড়ির নির্মাণকাজের জন্য বাইরে ছিলেন। বিকেলে বাসায় ফিরে স্ত্রীর খোঁজ না পেয়ে উপরের তলায় যান। সেখানে একটি কক্ষ ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখেন, মিম সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে এই ঘটনাটি ঘটেছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এমএন