বিজ্ঞাপন

পরীক্ষা দিয়েই শিক্ষা মন্ত্রণালয়ের দিকে ব্রয়লার চিকেন পার্টির লংমার্চ

পরীক্ষা দিয়েই শিক্ষা মন্ত্রণালয়ের দিকে ব্রয়লার চিকেন পার্টির লংমার্চ

বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ‘শিক্ষা আমাদের অধিকার, অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হউন’—এই স্লোগান সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টারে জানানো হয়, পরীক্ষা শেষ করে শিক্ষার্থীদের রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারে জড়ো হতে হবে। সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু হবে।

পোস্টারে বলা হয়েছে, কর্মসূচির মূল দাবি ‘শিক্ষার অধিকার’। একই সঙ্গে ‘মানসম্মত শিক্ষা’, ‘বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা’ এবং ‘শিক্ষাব্যবস্থা সংস্কার’ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। এতে এইচএসসি পরীক্ষার্থী, অন্যান্য সাধারণ শিক্ষার্থী এবং ‘জাগ্রত ছাত্র জনতা’র প্রতি কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

ঘোষণা অনুযায়ী, বুধবার (১৫ জুলাই) বেলা ১টা ৩০ মিনিটে উত্তরার বিএনএস সেন্টার থেকে কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার দিনভর আন্দোলনের পর শিক্ষার্থীরা বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন। তবে সরকার চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডে বুধবার নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে।

আরএইচটি/ডিএ