রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
আজ সকাল ৬টার পর্যবেক্ষণ অনুযায়ী, ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২০ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ট্রেস।
এদিকে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার সাধারণ পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আটটি বিভাগেই আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অনুরূপ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এ ছাড়া, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে।
আরএইচটি/এসএএস
