রাজধানীর বংশালের আলু বাজার এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১০ জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে দগ্ধ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে তাদের নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন- সেলুন কর্মচারী শমসেদ (৩০), কাস্টমার মো. ফারুক (৩৫), কাস্টমার মো. রিংকু (৩০), সেলুন কর্মচারী রাজু (৩৪), সেলুন কর্মচারী পাপ্পু (২৬), কাস্টমার রনি (৩৬), কাস্টমার জসিম (৪০), সেলুন কর্মচারী আরমান (৩৭), কাস্টমার মো. রফিক (২৫) ও সেলুন কর্মচারী শাকিব (১৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, বংশাল এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় দশ জনকে দগ্ধ অবস্থায় আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে শমসেদের শরীরে ১৫ শতাংশ দগ্ধ, ফারুকের শরীরে ৫০ শতাংশ দগ্ধ, রিংকুর শরীরে ২১ শতাংশ দগ্ধ, রাজুর শরীরে ১৮ শতাংশ দগ্ধ, পাপ্পুর শরীরে ১৮ শতাংশ দগ্ধ, রনির শরীরে ১০ শতাংশ দগ্ধ, জসিমের শরীরে ৮ শতাংশ দগ্ধ, আরমানের শরীরে ১৫ শতাংশ দগ্ধ, রফিকের শরীরে ১২ শতাংশ দগ্ধ ও শাকিবের শরীরে ১ শতাংশ দগ্ধ রয়েছে।
তিনি আরও জানান, দগ্ধের মধ্যে নয়জনকে ভর্তি দেওয়া হয়েছে। দগ্ধের পরিমাণ কম থাকায় শাকিবকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।
এসএএ/জেডএস
