বৃষ্টির কারণে রাজধানীর উত্তরায় চলমান আন্দোলনে আধা ঘণ্টার জন্য সড়ক ছেড়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচলের সুযোগ দেওয়া হয়।
বুধবার (১৫ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিট থেকে বিকেল ৩টা ২০ মিনিট পর্যন্ত উত্তরার সড়কে যান চলাচল স্বাভাবিক রাখেন শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো আজও দুপুর দেড়টা থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে সড়কে অবস্থান নেন তারা।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোস্তাফিজ বলেন, আজ সচিবালয় অভিমুখে লংমার্চে যাওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে আপাতত সেটি হচ্ছে না। অনেক শিক্ষার্থীর সঙ্গে পরীক্ষার প্রবেশপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। বৃষ্টিতে সেসব নষ্ট হওয়ার আশঙ্কা আছে। তাই আপাতত অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি।
তিনি আরও জানান, বৈরী আবহাওয়ার কারণে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সাময়িকভাবে সড়ক ছেড়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে আজকের অবস্থান শেষ হয়নি। পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
একই কলেজ থেকে দেওয়া এইচএসসি পরীক্ষার্থী অর্ক বলেন, এরইমধ্যে সচিবালয় অভিমুখে লংমার্চের উদ্দেশে পরীক্ষার্থীদের দুটি বাস ছেড়ে গেছে। আমাদের কোনো সমন্বয়ক না থাকায় কোনো পরিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এজন্য একেকজন একেকরকম কথা বলে। তবে কিছুক্ষণের মধ্যে আমরাও লংমার্চে রওনা হবো।
এদিকে, সড়ক স্বাভাবিক করে দেওয়ায় উত্তরার বিভিন্ন এলাকায় আটকে থাকা যানবাহন ধীরে ধীরে চলাচল শুরু করে। দীর্ঘ সময় যানজটে আটকে থাকা যাত্রীদের মাঝেও কিছুটা স্বস্তি ফিরে আসে।
এমআরআর/জেডএস
