বিজ্ঞাপন

চট্টগ্রামে সড়ক অবরোধের মধ্যে বাস-সিএনজি সংঘর্ষ, আহত ৩

চট্টগ্রামে সড়ক অবরোধের মধ্যে বাস-সিএনজি সংঘর্ষ, আহত ৩

শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগের এক দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে বন্দরনগরী চট্টগ্রাম। বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হলে একটি বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় চালকসহ দুই জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনার তথ্য পাওয়া যায়। ‍আজ দুপুর দুইটা থেকে নগরীর অন্যতম ব্যস্ত এলাকা ২ নম্বর গেট মোড়ে জড়ো হতে শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের মিছিল ও অবরোধের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে ৪ নম্বর রুটের একটি সিটি বাস লেইন পরিবর্তন করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ দুই যাত্রী গুরুতর আহত হন। 

দুর্ঘটনায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকে পড়েন। পরবর্তী সময়ে উপস্থিত জনতা ও উদ্ধারকারীদের দীর্ঘ চেষ্টার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অন্য দুই যাত্রীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

মরিয়ম জাহান নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, মিছিলের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়েছিল। ওই সময় ৪ নম্বর রুটের বাসটি দ্রুত লেইন পরিবর্তন করতে গিয়ে সিএনজিটিকে সরাসরি ধাক্কা দেয়। ধাক্কায় সিএনজিটি পুরো মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকে ছিলেন। অনেক চেষ্টার পর তাকে বের করে হাসপাতালে পাঠানো হয়।

এর আগে গতকাল থেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীরা রাজপথে নামেন। এরই ধারাবাহিকতায় আজ পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী ২ নম্বর গেট এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা। দুর্ঘটনা ও সড়ক অবরোধের কারণে ২ নম্বর গেট এবং এর আশপাশের সড়কগুলোতে বর্তমানে যান চলাচল স্থবির হয়ে পড়েছে।

আরএমএন/আরএফ