গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বুধবার (১৫ জুলাই) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোস্ট গার্ড জানায়, গত ৮ জুলাই হাতিয়া থেকে এফবি মা-২ নামের একটি ফিশিং বোট ১৯ জন জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। পরে ১৩ জুলাই বোটটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি গভীর সমুদ্রে ভাসতে থাকে। মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় জেলেরা কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
দুই দিন পর, আজ বুধবার সকাল ১০টার দিকে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে কোস্টগার্ডকে বিষয়টি জানান।
খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন ভাসানচর এবং অপারেশন ‘সুরক্ষা’-এ নিয়োজিত জাহাজ বিসিজিএস কুতুবদিয়া যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে চট্টগ্রামের নরম্যান্স পয়েন্টের পশ্চিমে গভীর সমুদ্র এলাকা থেকে বিকল হওয়া ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করে।
বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। পাশাপাশি ফিশিং বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এমআর/আরএফ
