বিজ্ঞাপন

চট্টগ্রামের জলাবদ্ধতা কমাতে খাল পুনঃখননে বিশেষ বরাদ্দের ঘোষণা

চট্টগ্রামের জলাবদ্ধতা কমাতে খাল পুনঃখননে বিশেষ বরাদ্দের ঘোষণা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখননে প্রয়োজন হলে ত্রাণ মন্ত্রণালয় থেকেও বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে এবং তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

বুধবার (১৫ জুলাই) চট্টগ্রাম নগরের হালিশহর ২৬ নম্বর ওয়ার্ডের গলিচিপা পাড়া এলাকায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, খাল ভরাট ও পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় নগরীতে জলাবদ্ধতা তীব্র হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় খাল পুনঃখননে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজন হলে এ খাতে ত্রাণ মন্ত্রণালয় থেকেও বরাদ্দ দেওয়া হবে।

তিনি বলেন, যারা অবৈধভাবে পানি চলাচলে বাধা সৃষ্টি করেছেন, তারা দ্রুত তা অপসারণ করুন। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আসাদুল হাবিব দুলু আরও বলেন, ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের জন্য ওএমএস কার্যক্রম চালু করা হবে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পুনর্নির্মাণেও সরকারি সহায়তা দেওয়া হবে। সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক চট্টগ্রামের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন ও চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা উপস্থিত ছিলেন।

আরএমএন/বিআরইউ