মহাখালী বাস টার্মিনালের গ্যাপের বাসগুলো পূর্বাচলে নবনির্মিত অস্থায়ী ডিপোতে স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুর ১টায় মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরে নবনির্মিত অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি হুমায়ুন কবির খান, ঢাকা সড়ক পরিবহন সমিতির সভাপতি আব্দুল বাতেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মহাখালী বাস টার্মিনালকে কেন্দ্র করে সৃষ্ট যানজট নিরসনের লক্ষ্যে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পূর্বাচলে নবনির্মিত বাস ডিপোতে গ্যাপের বাসগুলো স্থানান্তরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহাখালী বাস টার্মিনালে প্রায় ৪০০টি গাড়ি রাখার জায়গা থাকলেও প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৫০০টি গাড়ির আসা-যাওয়া হয়। ফলে মূল সড়কে গাড়ি পার্কিংসহ পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এই জনদুর্ভোগ নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং তার কার্যালয়ের তত্ত্বাবধানে সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, ডিএমপির ট্রাফিক বিভাগের প্রধান মো. আনিছুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমিতি, রাজউক, সিটি করপোরেশন ও অন্যান্য সংস্থার সমন্বয়ে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরে রাজউকের মালিকানাধীন প্রায় ১০ একর জায়গাজুড়ে অস্থায়ী ডিপো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, আজকের উদ্বোধনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নেওয়া উদ্যোগের শুভ সূচনা হলো। এর ফলে মহাখালীকেন্দ্রিক যানজট বহুলাংশে নিরসন হবে এবং ঢাকার ট্রাফিক ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত পরিবহন মালিক-শ্রমিক, ডিএমপির ট্রাফিক বিভাগ, সিটি করপোরেশন, রাজউকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সার্বিক সহযোগিতার জন্য উপস্থিত অতিথি ও সাংবাদিকদেরও ধন্যবাদ জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, এই উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী। ঢাকার যানজট নিরসনে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসি/আরএফ/বিআরইউ
