আগামীতে যেন অতি বৃষ্টিপাতের ফলে নগরীর কোথাও জলাবদ্ধতা তৈরি না হয় সেজন্য ডিএনসিসি অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি ) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বুধবার (১৫ জুলাই) গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিলনায়তনে ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সবার দায়িত্ব’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ২৯ টি খাল দখলমুক্ত করে খাল গুলো খনন ও সংস্কার করে পানির প্রবাহ রাখতে হলে সকল নাগরিকের সহযোগিতা প্রয়োজন। আগামীতে যাতে অতি বৃষ্টিপাতের ফলে নগরীর কোথাও জলাবদ্ধতা তৈরি না হয়, সেজন্য উত্তর সিটি কর্পোরেশন অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। ডিএনসিসি সকল সচেতন ও দায়িত্বশীল নাগরিকের সহযোগিতা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সকল সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।
প্রশাসক সব নাগরিককে নিজ নিজ দায়িত্ব থেকে ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য আহ্বান জানিয়ে বলেন, নগরীর জলাবদ্ধতা দূর করতে হলে ড্রেন ব্যবস্থা আর উন্নত এবং ময়লা আবর্জনা মুক্ত ড্রেন সচল রাখতে হবে।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, নগরের বর্জ্য ব্যবস্থাপনার মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলায় কেবল সরকারের একক প্রচেষ্টাই যথেষ্ট নয়, বরং আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ব্যক্তি ও পারিবারিক পর্যায় থেকে ছোট ছোট উদ্যোগ গ্রহণের মাধ্যমে এটিকে একটি শক্তিশালী সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান তিনি।
এএসএস/বিআরইউ
