বিজ্ঞাপন

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে ৯ সদস্যের কমিটি গঠন ডিএমটিসিএলের

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে ৯ সদস্যের কমিটি গঠন ডিএমটিসিএলের

এমআরটি লাইন-৬-এর নিরাপদ, নির্ভরযোগ্য ও টেকসই পরিচালনা নিশ্চিত করতে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ লক্ষ্যে একটি ৯ সদস্যের বাস্তবায়ন ও তদারকি কমিটিও গঠন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৫ সালের ২৬ অক্টোবর সংঘটিত দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য ড. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন সেফটি অডিট কমিটি গঠন করা হয়।

কমিটি তদন্ত ও পরিদর্শন শেষে 'আইডেন্টিফিকেশন অব অপারেশনাল রিস্কস, সেফটি অডিট অ্যান্ড স্ট্রাকচারাল ইন্টেগ্রিটি অব দ্য কনস্ট্রাকশন করিডোর অব এমআরটি লাইন-৬' শীর্ষক প্রতিবেদন জমা দেয়। পরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রতিবেদনটি হাইকোর্টে দাখিল করে।

উচ্চ আদালত ওই প্রতিবেদনে উল্লিখিত ৮টি স্বল্পমেয়াদি, ১০টি মধ্যমেয়াদি এবং ১০টি দীর্ঘমেয়াদি সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেন। পাশাপাশি ডিএমটিসিএলের চলমান ও ভবিষ্যৎ এমআরটি প্রকল্পে বাস্তবায়নের জন্য কমিটির ৬টি কৌশলগত (স্ট্র্যাটেজিক) সুপারিশ অনুসরণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমটিসিএল জানায়, আদালতের নির্দেশনা বাস্তবায়নের জন্য গঠিত ৯ সদস্যের কমিটি সুপারিশ বাস্তবায়ন, সমন্বয় এবং অগ্রগতি নিয়মিত তদারকি করবে। একই সঙ্গে কমিটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং ডিএমটিসিএলের প্যানেল আইনজীবীর মাধ্যমে বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত হাইকোর্টে উপস্থাপন করবে।

আদালতের নির্দেশনা এবং বিশেষজ্ঞদের সুপারিশ যথাযথভাবে বাস্তবায়ন করা হলে এমআরটি লাইন-৬-এর পরিচালনা ব্যবস্থা আরও শক্তিশালী, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে।

ডিএমটিসিএল আরও জানায়, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তারা পরিচালনাগত সব কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও একই অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালন করবে।

এমএইচএন/আরএফ/বিআরইউ