রাজধানীর মিরপুরে এক পথচারীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় মো. রিমন (৩২) নামে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে ট্রাফিক পুলিশ। এ সময় ছিনতাই করা মোবাইল ফোনটি উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার সকাল আনুমানিক ১০টা ২৬ মিনিটে মিরপুর-১১ এলাকার বনলতা সুইটসের সামনে এক ছিনতাইকারী একজন পথচারীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় উপস্থিত জনতার সহায়তায় দায়িত্বরত পল্লবী ট্রাফিক জোনের পুলিশ সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।
নিয়াজ মেহেদী বলেন, আটক ব্যক্তির নাম মো. রিমন। তার কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং ভুক্তভোগীর কাছে বুঝিয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, আটক রিমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসি/আরএফ/এসএম
