বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। এর অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
চউক জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। বুধবার বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হারুন বাজারসংলগ্ন ভাদালিয়া এলাকা এবং সরল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রায় ২০০ পরিবারের মধ্যে খাদ্যসহায়তা বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন চউকের সদস্য (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, চউকের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ শেষে মোহাম্মদ নূরুল্লাহ নূরী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সবসময় আন্তরিক। চউকের চেয়ারম্যানের নির্দেশনায় পর্যায়ক্রমে আরও ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, সরকারের চলমান মানবিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় রেখে মানুষের প্রয়োজনে চউকের সহায়তা অব্যাহত থাকবে।
এমআর/এমএসএ
