চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির ঘটনার আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার ও ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।
গত মঙ্গলবার উপজেলার বারখাইনের ইউনিয়নের লাবিবা কমিউনিটি সেন্টার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন- ইয়াছিন আরাফাত (২৬), আল মামুন তুষার হেলিটন (৩১) ও মো. মানিক প্রকাশ কসাই মানিক (৪৫)। সকলে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকার বাসিন্দা এবং আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
পুলিশ জানায়, গত ২৯ জুন (সোমবার) রাতে আনোয়ারার বারশত বণিকপাড়া সত্যরঞ্জন চৌধুরী বাড়ির দীপক মালাকারেরঘরে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নগদ এক লাখ টাকা, ৩ ভরি স্বর্ণালংকার, খামারের ৫টি গরুসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল নিয়ে যায়। ঘটনারপরদিন দীপক মালাকার বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ সিসি ফুটেজে শনাক্ত ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তিতে ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাস (চট্টমেট্রো-চ-১১-৪৩৬১), ১টি লোহার তৈরি ছোরা, ১টি লোহার তৈরি তালা ভাঙার কাটার ও ১টি তালা ভাঙার রড জব্দ করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘ঘটনারপর থেকে পুলিশ তাদের গ্রেপ্তারে বিভিন্নস্থানের সিসিটিভির ফুটেজসহ প্রযুক্তির সহায়তাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে ৯টির অধিক ডাকাতি, চুরি ও অস্ত্র মামলা রয়েছে। বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’
এমআর/বিআরইউ
