বিজ্ঞাপন

উত্তরায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু

উত্তরায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু

রাজধানীর উত্তরায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় আনোয়ারুল হক (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে উত্তরা জসিমউদ্দীন রোডের ইউ-টার্ন মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ারুল হক পাবনা জেলার সুজানগর উপজেলার ঘোরাদহ গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত আতাহার আলী মন্ডল। তিনি পরিবারসহ গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বসবাস করতেন।

নিহতের ভাতিজা মো. পরশ জানান, বুধবার রাতে গ্যারেজের কাজ শেষে বাসায় ফেরার পথে আনোয়ারুল হক উত্তরা জসিমউদ্দীন রোডের ইউ-টার্ন মোড়ে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।পথচারীরা দুর্ঘটনাটি দেখে তার স্বজনদের খবর দেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/বিআরইউ