বিজ্ঞাপন

শহীদ ওয়াসিমের বাবার অভিযোগ

‘ছেলে বৈষম্যের বিরুদ্ধে লড়ে শহীদ হলো, অথচ দেশে বৈষম্য বাড়ছে’

‘ছেলে বৈষম্যের বিরুদ্ধে লড়ে শহীদ হলো, অথচ দেশে বৈষম্য বাড়ছে’

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে প্রথম শাহাদাতবরণকারী ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের বাবা শামসুল আলম বলেছেন, আমার ছেলে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে জীবন উৎসর্গ করেছে, অথচ এখন দেশে উল্টো বৈষম্য তৈরি হতে দেখা যাচ্ছে। কোনো ধরনের বিভেদ বা বৈষম্য সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে শামিল হওয়ার আকুল আবেদন জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে নগরের ষোলশহর রেলস্টেশনের প্রবেশমুখে ‘শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ ও আহ্বান জানান।

শহীদ ওয়াসিমের বাবা শামসুল আলম বলেন, ‘আজকে আমার হাজার সন্তান আমি দেখতে পাচ্ছি। এই যে, আমি যতদিন বেঁচে থাকি, আপনারা যতদিন বেঁচে থাকেন, এই চট্টগ্রামে এভাবে আপনাদের দেখলে মনে হয়, আমি আমার ছেলেকে বুকে জড়িয়ে ধরে আছি। আমি কী বলে যে ভাষায় প্রকাশ করব, তা বুঝতে পারি না। চট্টগ্রামে আমার ছেলে আছে, যেকোনো জায়গায় আসলেই আমি আমার ছেলেকে দেখতে পাই।’

তিনি আরও বলেন, ‘সেদিন পথসভায় একটা আয়োজন করা হয়েছিল। যাওয়ার সময় ওয়াসিমের ছবি যখন দেখি, আমি আর সামনে আগাতে পারিনি, চোখের পানি ধরে রাখতে পারিনি। কিন্তু আজকে দেখি ওরা আর আমাদের মাঝে নাই। কেন নাই, আমি বুঝতে পারতেছি না। কীসের জন্য নাই, আমি এটাই বুঝতে পারতেছি না।’

নিজেদের মধ্যে নতুন করে বৈষম্য সৃষ্টির ইঙ্গিত দিয়ে শামসুল আলম বলেন, ‘আমি একটাই অনুরোধ করব, একটা ব্রিজ বানাতে গেলে কি শুধু খুঁটি লাগে? কয়েকটা জিনিস মিলেই তো একটা ব্রিজ হয়। আমরা সবাই মিলেমিশে কাজ করব, সবাই খুঁটি হতে যাবেন না। কেউ পাতারি হব, কেউ রড-সিমেন্ট হব, সবকিছু মিলেই একটা ব্রিজ হবে। সবাই যদি প্রথমে খুঁটি হয়ে যায়, তবে ব্রিজটা হবে না। আমি আজকে যা দেখলাম তা থেকে অনুরোধ করব, আপনারা যারা আমাদের ছেলেদের নিয়ে আন্দোলন করেছিলেন, তা বৈষম্য দূর করার জন্য করেছিলেন। কিন্তু আমি দেখছি এখানে উল্টো বৈষম্য যোগ হয়েছে। আমি আকুল আবেদন করব, দয়া করে বৈষম্য যোগ করবেন না।’

শামসুল আলম বলেন, ‘আমরা সবাই মিলে একসঙ্গে থাকব, একসঙ্গে কাজ করব। আপনারা যদি সবাই পিলার হয়ে যান, তবে অন্য দরকারি জিনিসগুলো কে হবে? একটা বিল্ডিং বানাতে যেরকম সবকিছু দরকার, আমাদেরও তেমন সবাইকে দরকার আছে। আমি শুধু আমার ছেলের কথা বলছি না, সবাই মিলে একসঙ্গে আমাদের কাজ করতে হবে। যদি কাজ না করি, আমরা ভেঙে পড়ব। ভেঙে না পড়ে শক্ত করে একজন আরেকজনকে জড়িয়ে ধরে আমাদের এগিয়ে যেতে হবে।’ 

এর আগে, দুপুর দেড়টার দিকে ষোলশহর রেলস্টেশনের প্রবেশমুখে ‘শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভ’-এর কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা।

এমআর/এসএএস