পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে পরিচালিত ‘রেইজ’ প্রকল্পের আওতায় আয়োজিত চাকরি মেলায় ৬ হাজার ২৯২ জন দক্ষ তরুণ-তরুণীর অন স্পট কর্মসংস্থান নিশ্চিত হয়েছে, যার মধ্যে ২ হাজার ৬৩ জনই নারী। দেশের বিশাল যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা কাজে লাগাতে এই উদ্যোগ শ্রমবাজারে সাড়া ফেলেছে। মূলত অনানুষ্ঠানিক খাতের পিছিয়ে পড়া ও ঝরে পড়া তরুণদের বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে মূলধারার অর্থনীতিতে যুক্ত করতেই এই আয়োজন করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন থেকে এ তথ্য জানানো হয়েছে।
পিকেএসএফ জানায়, প্রচলিত তাত্ত্বিক শিক্ষার গণ্ডি ভেঙে সম্পূর্ণ বাজার-চাহিদাভিত্তিক ও কর্মক্ষেত্রভিত্তিক শিক্ষানবিশ মডেলে পরিচালিত হচ্ছে রেইজ প্রকল্প। এখানে অভিজ্ঞ ‘ওস্তাদ’দের সরাসরি তত্ত্বাবধানে হাতে-কলমে কাজ শেখার পাশাপাশি আচরণগত দক্ষতা ও স্টাইপেন্ড প্রদান করা হয়, যা নারী ও সুবিধাবঞ্চিতদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ ভূমিকা রাখছে। একটি সাম্প্রতিক জরিপ বা ট্রেসার স্টাডিতে দেখা গেছে, এই প্রশিক্ষণ সমাপ্তির অল্প সময়ের মধ্যেই ৮৮ শতাংশ তরুণ-তরুণী সম্মানজনক কর্মসংস্থানে যুক্ত হতে পেরেছেন, যার মধ্যে ৬৪ শতাংশ মজুরিভিত্তিক চাকরি এবং ২৪ শতাংশ স্বনির্ভর উদ্যোক্তা হয়েছেন।
সংস্থাটি জানায়, দক্ষতা ও কর্মসংস্থানের সেতুবন্ধন তৈরিতে দেশের ২৮টি জেলায় ইতোমধ্যে ৪৬টি চাকরি মেলা সফলভাবে সম্পন্ন হয়েছে, যেখানে স্যামসাং, স্কয়ার, ওয়ালটন, প্রাণ-আরএফএল, ট্রান্সকম ও সিঙ্গারসহ দেশের ৭ শতাধিক স্বনামধন্য প্রাতিষ্ঠানিক ও অনানুষ্ঠানিক নিয়োগকর্তা প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় অংশ নেওয়া ১২ হাজার ৫২৫ জন চাকুরিপ্রার্থীর মধ্যে অর্ধেকেরও বেশি তরুণ তাৎক্ষণিকভাবে নিয়োগপত্র হাতে পান। করপোরেট ব্র্যান্ডগুলোর পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদপ্তরসহ সরকারি নীতিনির্ধারকেরা গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ে সমান কর্মসংস্থান সৃষ্টির এই অন্তর্ভুক্তিমূলক মডেলের ভূয়সী প্রশংসা করেছেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন আরও জানায়, অনানুষ্ঠানিক খাতের তরুণদের ঘন ঘন চাকরি পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নীতিনির্ধারকেরা একটি জাতীয় অনলাইন কর্মসংস্থান ব্যুরো বা ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর প্রস্তাব করেছেন, যা শ্রমবাজারের সঠিক গতিপ্রকৃতি বুঝতে সাহায্য করবে। ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে পিকেএসএফ দেশের শীর্ষ উন্নয়ন অর্থায়নকারী প্রতিষ্ঠান হিসেবে টেকসই প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন ও সক্ষমতা বৃদ্ধিতে নেতৃত্ব দিয়ে আসছে। চলমান এই ‘রেইজ’ প্রকল্পের অভাবনীয় সাফল্য দেশের বৃহত্তর সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একটি অনুঘটক হিসেবে কাজ করছে।
এসআর/এসএম
