বিজ্ঞাপন

স্থানীয় সরকার মন্ত্রী

সব ধর্ম-সম্প্রদায়ের মানুষকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য

সব ধর্ম-সম্প্রদায়ের মানুষকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে ধর্মকে কেন্দ্র করে বিভাজনের চেষ্টা করা হলেও সরকার সেই পথে বিশ্বাস করে না। বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর স্বামীবাগ আশ্রমে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পথ অনুসরণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করছেন। 

তিনি দাবি করেন, জনগণের সমর্থনে গঠিত সরকার দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিচ্ছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্মের রাষ্ট্র নয়; এটি সব ধর্মাবলম্বী মানুষের দেশ। সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করেই সরকার সামনের দিকে এগিয়ে যেতে চায়।

মুক্তিযুদ্ধের চেতনার কথা উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ১৯৭১ সালে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই একসঙ্গে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সেই সম্প্রীতির বন্ধন নষ্ট করতে একটি অপশক্তি বারবার চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ আরও অনেকেই সভায় উপস্থিত ছিলেন। 

এএএম/আরএফ/বিআরইউ