রাজধানীর তুরাগে সিরাজ মার্কেট এলাকায় মায়ের সঙ্গে তর্কাতর্কির জেরে সাত মাসের শিশু কবিতাকে (রাফা) আছাড় দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বাবা মো. কবিরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগের ২০০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।
নিহত শিশুর মা লিমা আক্তার বলেন, আমার স্বামী একজন ব্যাটারি চালিত অটোরিক্সা চালক। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে পারিবারিক বিষয় তার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। সে ঠিকমতো ভরণ-পোষণ করে না, টাকা-পয়সা দেয় না, বাজার ঠিকমতো করে না। এই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আমার চোখের সামনে মেয়েকে পা ধরে মাথার উপর উঠিয়ে আছাড় মারে, এতে বাচ্চাটি গুরুতর আহত হয়। পরে বাচ্চাকে উদ্ধার করে টঙ্গীর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই।
লিমা আক্তার বলেন, ওইসময় হাসপাতালে অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মেয়েকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে আমার মেয়ে মারা যায়। পরে স্থানীয় লোকজন আমার স্বামী কবিরকে পুলিশে সোপর্দ করে।
তিনি আরও বলেন, আমার গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া থানার বিষ্ণুপুর গ্রামে ও স্বামীর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা সোনাইডাঙ্গা গ্রামে। আমার একটা মাত্র মেয়ে ছিল।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তে জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এই ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এসএএ/আরএফ
