উপসচিব থেকে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মাসিক গাড়ি রক্ষণাবেক্ষণ খরচ ৫০ হাজার থেকে অর্ধেক কমিয়ে ২৫ হাজার টাকা করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত তা হচ্ছে না। এ খরচ ৫০ হাজার টাকা বহাল থাকছে। শুধু বেসামরিক সরকারি কর্মকর্তা নয়; বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারাও সুবিধাটি পেয়ে আসছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জানা যায়, গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কমানোর বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে এক সপ্তাহ ধরে চিঠি দেওয়া-নেওয়া হয়। তা নিয়ে অনেক কর্মকর্তার মধ্যে অসন্তোষ দেখা দেয়।
গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কমানোর জন্য গত ৯ জুলাই অর্থ মন্ত্রণালয় থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ না করার জন্য আজ বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে অর্থ বিভাগ। এর ফলে গাড়ির মাসিক রক্ষণাবেক্ষণ খরচ ৫০ হাজার টাকা বহাল থাকল।
এদিকে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় সশস্ত্র বাহিনী বিভাগ, নির্বাচন কমিশন, জুডিশিয়াল সার্ভিসসহ অংশীজনের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হওয়ার কথা ছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বৈঠকটি স্থগিত হয়েছে।
এমএম/আরএফ/বিআরইউ
