পাকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সার্কের বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সার্ক সচিবালয় জানিয়েছে ইসলামাবাদে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক কাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে মহাসচিবের নিবেদিত নেতৃত্ব এবং অবদানের প্রশংসা করেন। তিনি সার্ক সনদের প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জোর দিয়ে বলেন যে, দক্ষিণ এশিয়ায় আর্থ-সামাজিক উন্নয়ন, বাণিজ্য সংযোগ এবং দারিদ্র্য বিমোচনের জন্য একটি শক্তিশালী আঞ্চলিক অংশীদারিত্ব অপরিহার্য।
তিনি আরও জোর দিয়ে বলেন, সার্ক প্রক্রিয়ার পূর্ণ পুনরুজ্জীবন এবং যত দ্রুত সম্ভব ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য পাকিস্তান অব্যাহত সমর্থন দিতে প্রস্তুত রয়েছে।
মহাসচিব তার মেয়াদকালে অবিচল সমর্থনের জন্য পাকিস্তান সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সার্কের মূল লক্ষ্যগুলো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পাকিস্তানের সক্রিয় ও গঠনমূলক ভূমিকার স্বীকৃতি দেন।
তারা আঞ্চলিক সহযোগিতার বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন এবং জলবায়ু ঝুঁকি, জ্বালানি নিরাপত্তা ও আন্তঃসীমান্ত সংযোগসহ অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তারা পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।
এনআই/এসএম
