চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ২ নম্বর গেইট এলাকায় ফিনলে স্কয়ার ভবনের পাঁচতলা থেকে নিচে পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১০টা ১০ মিনিটের দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, পাঁচলাইশ থানার ২ নম্বর গেইট এলাকায় বিপ্লব উদ্যানের পাশে অবস্থিত ফিনলে স্কয়ার ভবনের পাঁচতলা থেকে অজ্ঞাত ওই ব্যক্তি অজ্ঞাত কারণে নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, ফিনলে স্কয়ার ভবনের পাঁচতলা থেকে পড়ে আহত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তাকে হাসপাতালে নিয়ে আসেন ফিনলে স্কয়ারের সিকিউরিটি সুপারভাইজার প্রিয় দত্ত।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে। কীভাবে তিনি পড়লেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরএমএন/এমএন
