রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগী বাণিজ্যের অভিযোগে দুই দালালকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে হাসপাতালের ২০৮ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান।
তিনি জানান, ওয়ার্ডে দায়িত্বরত আনসার সদস্য মো. ইসহাক দেখতে পান, মো. শাকিল ও মনির নামে দুই ব্যক্তি রোগী ও তাদের স্বজনদের কম খরচে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি তাৎক্ষণিকভাবে টহল ডিউটিতে থাকা আনসার সদস্য মো. কাশেম মিয়া ও মো. আল আমিনকে অবহিত করেন।
খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন। পরে হাসপাতাল প্রশাসনের কাছে উপস্থাপন করা হলে কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে দালালচক্রের অপতৎপরতা প্রতিরোধ, রোগীদের নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং সেবার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়মিত দায়িত্ব পালন করে আসছে।
ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত বলেন, হাসপাতালে পরিচালক আমাদের এখানে দালাল বিরোধী এবং যারা অবৈধভাবে হাসপাতালে ঘোরাফেরা করেন, যাদের কোনো কাজ নেই তাদের ধরার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে দুই দালালকে রোগে ভাগিয়ে নেওয়ার চেষ্টায় হাতেনাতে আটক করা হয়। পরে তাদেরকে হাসপাতালের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
এসএএ/জেআই
