বিজ্ঞাপন

এইচএসসি পরীক্ষার্থীকে ব্ল্যাকমেইল : বিশ্ববিদ্যালয় ছাত্রসহ আটক ৩

এইচএসসি পরীক্ষার্থীকে ব্ল্যাকমেইল : বিশ্ববিদ্যালয় ছাত্রসহ আটক ৩

রাজধানীর ভাটারায় একটি বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে আটকে রেখে মাদক সেবনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও টাকা আদায়ের অভিযোগে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ভাটারা থানাধীন জোয়ার সাহারা বাজারসংলগ্ন একটি ভবনের ৫ তলার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— সাকিব ও ওয়াসিদ ও জিল। আটক ওয়াসিদ ও সাকিব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা প্রায়ই ওই বাসায় এসে মাদক সেবন করতেন। অপরদিকে, জিল এইচএসসি পরীক্ষার্থী।

আটকের আগে জিল জানান, শনিবার সকালে ওয়াসিদ তাকে জোয়ার সাহারা বাজারসংলগ্ন ওই ভবনের ৫ তলার একটি বাসায় নিয়ে যান। বাসাটি সাকিবের নানার। সেখানে ওয়াসিদ, সাকিব ও তিনি ছাড়া আর কেউ ছিলেন না। একপর্যায়ে তারা তিনজন মিলে ইয়াবা ও হেরোইন সেবন করেন।

জিলের অভিযোগ, পরে ওয়াসিদ তার ইয়াবা সেবনের ভিডিও ধারণ করে টাকার জন্য ব্ল্যাকমেইল শুরু করেন। তিনি বিকাশের মাধ্যমে ওয়াসিদকে দুই হাজার টাকা দেন। কিন্তু এরপরও আরও টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ওয়াসিদ ও সাকিব তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে নেন এবং তাকে বাসার ভেতরে তালাবদ্ধ করে রাখেন।

বাড়ির দারোয়ানসহ প্রত্যক্ষদর্শীরা জানান, বাসার বারান্দা থেকে চিৎকার শুনে তারা বিষয়টি সন্দেহজনক মনে করেন। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মওদুদ বলেন, এক বন্ধুর বাসায় কয়েকজন মাদক সেবন করছেন এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এক এইচএসসি পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে টাকা দাবি এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগও পাওয়া গেছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অধিকতর তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসি/এমএন