অনলাইনে আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণামূলক প্রচারণা এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারের অভিযোগে মো. বখতিয়ার আবিদ খান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি আইফোন জব্দ করা হয়।
শনিবার (১৮ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য জানান।
জসীম উদ্দিন খান জানান, Event Sajai ও Main Stage Inc আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফিট ক্রিকেটার্স একাডেমিতে পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টের আয়োজন করেছে। কনসার্টের টিকিট বিক্রির জন্য আয়োজকরা GetMyTicket.live-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গত ৮ জুলাই থেকে Main Stage Inc-এর ফেসবুক পেজে প্রচারণা শুরু করে। এ সময় আয়োজকদের নজরে আসে, Bangladesh Concert & Event Connects (BCEC) নামে একটি ফেসবুক গ্রুপে বিভিন্ন আইডি থেকে পূর্বে বাতিল হওয়া একটি কনসার্টের টিকিটের ছবি ব্যবহার করে আসন্ন কনসার্টের টিকিট বিক্রির বিজ্ঞাপন ও পোস্ট প্রচার করা হচ্ছে।
তিনি জানান, বিষয়টি নিয়ে গ্রুপটির অ্যাডমিন আবিদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পোস্ট অপসারণের পরিবর্তে উল্টো এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তিনি এ ধরনের পোস্ট অনুমোদন অব্যাহত রাখবেন এবং আয়োজক প্রতিষ্ঠান দুটির ব্যবসায়িক ক্ষতি ও সুনামহানির চেষ্টা করবেন বলে হুমকি দেন।
সিআইডির এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় কনসার্টের আয়োজক নিশা মাহবুবা সালাম বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তভার গ্রহণ করার পর সিআইডি তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিআইডি জানায়, অভিযুক্ত যুবক স্বীকার করেছেন তিনি ওই ফেসবুক গ্রুপের অ্যাডমিন। আসামিক আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এমএসি/এমএসএ
