হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ গেটে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান।
তিনি জানান, বিমানবন্দরের প্রবেশ গেটে দায়িত্বরত এপিসি মো. সাইফুল ইসলাম, আনসার সদস্য মো. মিরাজ উদ্দিন এবং আনসার সদস্য বিপুল রায় দায়িত্ব পালনকালে দেখতে পান, মো. শুভ (২৮) নামে এক ব্যক্তি একজন সহযাত্রীর কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ঘটনাটি বুঝতে পেরে আনসার সদস্যরা দ্রুত তাকে ধাওয়া করেন। একপর্যায়ে ঘটনাস্থলেই তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হন। পরে তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয় এবং তা ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত, অপরাধ প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সার্বক্ষণিক সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এ ধরনের তাৎক্ষণিক পদক্ষেপ অপরাধ দমনে বাহিনীর কার্যকর ভূমিকার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।
এসএএ/বিআরইউ
