অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৭টি জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয় থেকে নগদ টাকাসহ ত্রাণসামগ্রী বরাদ্দ ও বিতরণ করা হয়েছে। ৭ জুলাই থেকে এখন পর্যন্ত সরকারের ছাড় করা মানবিক সহায়তা ৫ কোটি ১৫ লাখ নগদ টাকা।
শনিবার (১৮ জুলাই) দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা সম্পর্কিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বন্যায় আক্রান্ত জেলাগুলো হলো– খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। বন্যায় প্লাবিত উপজেলার সংখ্যা ৫৬টি, ক্ষতিগ্রস্ত ইউনিয়ন সংখ্যা ৩৭৪টি ও পৌরসভা ৪টি। বন্যায় মোট নিহত হয়েছেন ৫৯ জন ও আহত হয়েছেন ৪০ জন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয় থেকে ৭ জুলাই থেকে এখন পর্যন্ত ছাড় করা মানবিক সহায়তা ৫ কোটি ১৫ লাখ নগদ টাকা এবং ৯ হাজার ৫০ মেট্রিক টন চাল। এছাড়া ছাড় করা ঢেউটিন ৪ হাজার ২০০ বান্ডিল ও গৃহ মঞ্জুরি ১ কোটি ২৬ লাখ টাকা।
এর মধ্যে বন্যাকবলিত ৭টি জেলায় নগদ সহায়তা করা হয়েছে ২ কোটি ৩০ লাখ টাকা এবং চাল বিতরণ করা হয়েছে ৩ হাজার ৩৫০ মেট্রিকটন। অন্যান্য ৫৭ জেলায় আর্থিক সহায়তা করা হয়েছে ২ কোটি ৮৫ লাখ টাকা এবং চাল ৫ হাজার ৭০০ মেট্রিক টন।
এসএইচআর/আরএফ
