ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এলাকার ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ডিএসসিসির ১ নম্বর অঞ্চলের ১৯ নম্বর ওয়ার্ডের পুরাতন এলিফ্যান্ট রোডে (সবজীবাগান এলাকা) উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (১৮ জুলাই) ডিএসসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট অপসারণ করা হয়। একই সঙ্গে ফুটপাত দখল করে অবৈধভাবে নার্সারির ব্যবসা পরিচালনার অভিযোগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নার্সারির বিভিন্ন প্রজাতির গাছ জব্দ করা হয়।
অভিযানে জব্দ করা গাছগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন স্থানের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন কার্যক্রমে ব্যবহার করার লক্ষ্যে পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর নিকট হস্তান্তর করা হয়।
জনস্বার্থে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এবং নগরীর শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানার নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এএসএস/আরএফ
